বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাঁদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে দীর্ঘদিনের প্রত্যাবাসন প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।
তবে প্রত্যাবাসনের জন্য এখনো বড় বাধা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি। সেখানে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলায় নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। ফলে কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।
২০১৮ ও ২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে তা বড় পরিসরে বাস্তবায়িত হয়নি। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন।
বাংলাদেশের অবস্থান অনুযায়ী, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই। তাই নতুন এই যাচাইকে অগ্রগতি হিসেবে দেখা হলেও বাস্তবে প্রত্যাবাসন শুরু করতে রাখাইনে স্থিতিশীল পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইতি/
