ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাতে অল্প সময়ের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছাকাছি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যান। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন প্রধান ফটকের কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।
সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে ঘটে যাওয়া তিন বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইতি/
