২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার সিরিজটির সূচি নিশ্চিত করেছে।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মার্চ, দ্বিতীয়টি ২৮ মার্চ এবং শেষ ম্যাচটি হবে ৩০ মার্চ ২০২৭। তিনটি ম্যাচই নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAN) এর আগে বাংলাদেশকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও দুই বোর্ডের আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সিরিজটির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, নেপালের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বাংলাদেশ এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ ও নেপাল এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হলেও এবারই প্রথমবারের মতো দুই দল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে।
সিরিজটি নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে উৎসর্গ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ইতি/
