, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির সংখ্যার দিক থেকে দেশের জেলাগুলোর মধ্যে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। চলতি বছরের ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় অনলাইনে ৮৮২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS)-এর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ চিত্র পাওয়া গেছে। সরকারি GRS প্ল্যাটফর্মে নাগরিকরা সরকারি সেবা নিয়ে অভিযোগ দাখিল করতে পারেন এবং ট্র্যাকিং নম্বরের মাধ্যমে অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির অবস্থা জানতে পারেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে জমা পড়া অভিযোগের মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হওয়ায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে প্রায় ৫৫ শতাংশ।

অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। জেলাটিতে ১৯৭টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা মোট অভিযোগের প্রায় ৪১ শতাংশ। এরপর রয়েছে পাবনা ১৭০টি, বগুড়া ১৬২টি, যশোর ১৬০টি, নোয়াখালী ১৫৭টি, ঢাকা ১৪৪টি এবং রাজশাহী ১৪৩টি অভিযোগ নিষ্পত্তির তথ্য পাওয়া গেছে।

একই সময়ে সারাদেশে অনলাইনে মোট ১৫ হাজার ২০১টি ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪ হাজার ৩৮৪টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১০ হাজার ৮১৭টি অভিযোগ। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার প্রায় ২৯ শতাংশ।

GRS প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরকারি সেবা ও সেবা প্রদানের পদ্ধতি নিয়ে অভিযোগ জানাতে পারেন। ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার পাশাপাশি নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অন্যান্য সেবা নিয়ে অভিযোগও অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার মাধ্যমে তা প্রক্রিয়াধীন হয় এবং পরবর্তী অবস্থা অনলাইনে অনুসরণ করা যায়।

সরকারি GRS নির্দেশনা অনুযায়ী, অভিযোগ দাখিলের পর অভিযোগকারীকে একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হয়। ওই নম্বর ব্যবহার করে অনলাইনে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যায়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত