, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই আসর শুরু হবে ২ অক্টোবর ২০২৭ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। সব মিলিয়ে টুর্নামেন্টে থাকছে ৫৭টি ম্যাচ, ভেন্যু ১২টি।

নতুন কাঠামোয় বিশ্বকাপের শুরুতেই থাকবে তিন দলের ‘সুপার সিরিজ’। নামিবিয়ার উইন্ডহোকে ২, ৪ ও ৬ অক্টোবর তিন ম্যাচের এই পর্বে মুখোমুখি হবে কোয়ালিফায়ারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দল। তিন দলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি মূল গ্রুপ পর্বে জায়গা পাবে।

এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে মূল গ্রুপ পর্ব। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ‘বি’।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, উইন্ডহোকে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের আলোচিত ম্যাচগুলোর একটি ভারত-পাকিস্তান দ্বৈরথ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে। গ্রুপ পর্বে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল—মোট সাত দল—উঠবে ‘সুপার ৭’ পর্বে।

সুপার ৭ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। এই ধাপে মোট ২১টি ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর থিসওয়ানে অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হবে ফাইনাল।

আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। ২০০৩ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে নামিবিয়াতেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি

৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ — উইন্ডহোক

১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ — কুয়াগোম্পো সিটি

১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ — ডারবান

১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ — ডারবান

২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’ — থিসওয়ানে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত