, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পেলেন চবির তিন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষক। শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন শিক্ষক হলেন—চবি গণিত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী এবং সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও লোকপ্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতবিদ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম গণিত, মহাবিশ্ব ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপকভাবে স্বীকৃত।

অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি রাজনীতি ও সমাজবিষয়ক জ্ঞানচর্চায় অবদান রেখেছেন। অন্যদিকে অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ উচ্চশিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এবারের জাতীয় গুণী শিক্ষক সম্মাননায় বিভিন্ন শিক্ষা স্তর ও প্রতিষ্ঠানের মোট ১০১ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন শিক্ষক রয়েছেন। এছাড়া চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশেষ বিবেচনায় নির্বাচিত শিক্ষকরাও সম্মাননার তালিকায় রয়েছেন।

গুণী শিক্ষক নির্বাচনে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে পৃথক সার্চ কমিটি কাজ করে। বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় স্টিয়ারিং কমিটির অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়।

শিক্ষকতার মর্যাদা ও শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত