কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রসীমায় অভিযান চালায় কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে সমুদ্রে ফেলে দেওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
কোস্টগার্ড জানিয়েছে, দীর্ঘদিন পর কক্সবাজারের এই সীমান্ত দিয়ে নতুন করে হেরোইন প্রবেশের ঘটনায় তারা উদ্বিগ্ন। তবে ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইতি/
