জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা শাহরিয়ার কবির রুবেল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে রুবেলের দেওয়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি দলীয় নেতারা।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের কোনো সিদ্ধান্ত কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপত্তি থাকলে তা দলের অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে নেতৃত্ব।
এ ছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও রুবেল বিভিন্ন সরকারবিরোধী পোস্টে সমর্থনসূচক মন্তব্য করেছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর পরিপ্রেক্ষিতে শাহরিয়ার কবির রুবেলকে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইতি/
