সীমান্তপথে ইয়াবা ও ক্রিস্টাল মেথামফেটামিন (আইস) পাচার প্রতিরোধে কক্সবাজার ও বান্দরবানের গুরুত্বপূর্ণ ১১টি স্থানে স্থায়ী নিরাপত্তা চেকপোস্ট স্থাপনের প্রস্তাব দিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে ভেহিক্যাল ও লাগেজ স্ক্যানার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা এবং সিসিটিভি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পুলিশের প্রস্তাব অনুযায়ী, চেকপোস্টগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে তিন পালায় মোট ৩২১ জন সদস্য মোতায়েনের পাশাপাশি বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড রাখার পরিকল্পনাও করা হয়েছে।
মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক প্রবেশের প্রচলিত পথগুলোতে নজরদারি বাড়ায় পাচারকারীরা বিকল্প রুট ব্যবহার করছে বলে পুলিশের পর্যবেক্ষণ। বিশেষ করে টেকনাফ ও উখিয়ার পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি পথও মাদক পরিবহনে ব্যবহারের আশঙ্কা রয়েছে।
পুলিশের পাঠানো প্রস্তাব অনুযায়ী, কক্সবাজারের বিভিন্ন উপজেলা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গুরুত্বপূর্ণ সড়ক, পাহাড়ি পথ এবং যোগাযোগের সংযোগস্থলগুলোতে এসব চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রামুর রাংকুট বৌদ্ধমন্দির এলাকা, পনেরো ছড়া, মেরিন ড্রাইভের ভাঙ্গার মোড়, চৌফলদণ্ডী লোহার সেতু, কক্সবাজার রেলস্টেশন, উখিয়ার কোর্ট বাজার ও চকরিয়ার হারবাং সড়ক উল্লেখযোগ্য।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ, সোনাইছড়ি ইউনিয়নের চৌরাস্তার মোড় এবং বাইশারীর পেটান আলী পাড়ায় চেকপোস্ট স্থাপনের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবে যেসব প্রযুক্তি রাখার কথা বলা হয়েছে
পরিকল্পনা অনুযায়ী, ছয়টি ভেহিক্যাল স্ক্যানার কেনার জন্য প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা এবং আটটি লাগেজ স্ক্যানারের জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও মালামাল পরীক্ষা করা হবে।
এ ছাড়া ৩১টি এআই প্রযুক্তির মুখ শনাক্তকারী ক্যামেরা, ১৪০টি সিসিটিভি ক্যামেরা, ২৩টি মনিটরিং স্ক্রিন এবং ১১টি ডিজিটাল ভিডিও রেকর্ডার স্থাপনের প্রস্তাব রয়েছে। ক্যামেরার সঙ্গে সন্দেহভাজন ও তালিকাভুক্ত মাদক কারবারিদের তথ্যভান্ডার যুক্ত করার পরিকল্পনাও করা হয়েছে।
পাশাপাশি মাদক ও রাসায়নিক পদার্থ শনাক্তে আটটি স্থানে বিশেষ প্রশিক্ষিত কুকুরের দল মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে।
চেকপোস্ট পরিচালনায় ৩২১ পুলিশ সদস্য
প্রস্তাবিত চেকপোস্টগুলো সার্বক্ষণিক সচল রাখতে আট ঘণ্টা করে তিন পালায় পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ জন্য মোট ৩২১ জন সদস্য চাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও তুলনামূলক বড় চেকপোস্টগুলোতে বেশি জনবল রাখার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত রেঞ্জের ১১ জেলা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১১ লাখ ২৪ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের জেলাগুলোতে ৭ লাখ ৯৭ হাজার ৬৬৮ পিস এবং মহানগরীতে ৩ লাখ ২৬ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ইয়াবা পাচার প্রতিরোধে চেকপোস্টের পাশাপাশি টহল দল ও গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। তিনি দায়িত্ব গ্রহণের আগেই প্রস্তাবটি পাঠানো হয়েছিল উল্লেখ করে বলেন, এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, সড়কপথে মাদক পরিবহনের সুযোগ বন্ধ করতেই প্রযুক্তিনির্ভর নজরদারির এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনের মতে, স্ক্যানার ও এআই ক্যামেরার ব্যবহার মাদক কারবারিদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে পারে। তবে শুধু প্রযুক্তিনির্ভর অভিযান দিয়ে মাদক পাচার ও ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী এলাকা থেকে দেশের অভ্যন্তরে মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলোতে নজরদারি বাড়বে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে প্রয়োজনীয় অনুমোদন, অর্থ বরাদ্দ ও জনবল নিশ্চিত করতে হবে।
ইতি/
