মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা। তিনি বলেন, শুধু সরকার বা প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূল সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের উদ্যোগে ‘কোমলমতি শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে ধারণা ও আমাদের করণীয়’ শীর্ষক এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমান।
পাইচিং মং মারমা বলেন, মাদকের বিস্তার তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সমাজে মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ও সচেতনতা প্রশাসনের কার্যক্রমে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে দায়িত্বশীলভাবে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঊষা রানী বড়ুয়া। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহ, মো. শফিকুর রহমান, জয়শ্রী পাল, রত্না রানী দাশ, সহকারী শিক্ষক বিজয় চাকমা ও মাইকেল মধুসূদন দেবনাথ।
এ ছাড়া সংগঠনের সদস্য আয়েশা সিদ্দিকা ও মো. মহিন উদ্দিন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, মো. তৌসিফ আহমেদ, উচ্ছ্বাস সরকার ও চিংমং মারমা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পাইচিং মং মারমা ও অন্যান্য অতিথিরা।
ইতি/
