, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডরের পরিচালনায় ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মানববন্ধন করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। স্বল্প খরচে চিকিৎসাসেবা অব্যাহত রাখার পাশাপাশি স্যান্ডরের সঙ্গে সরকারের চুক্তি নবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডায়ালাইসিস সেবাগ্রহীতা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার ডায়ালাইসিস করতে তাঁদের ব্যয় হচ্ছে ৬২১ টাকা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে খরচ হয় প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা।

তাঁদের ভাষ্য, একজন কিডনি রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিসের প্রয়োজন হয়। ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন।

রোগীদের স্বজনেরা বলেন, কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে নিয়মিত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় পড়বেন শত শত রোগী। তাই বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে বর্তমান সেবা বন্ধ না করার এবং দ্রুত চুক্তি নবায়নের দাবি জানান তাঁরা।

তাঁদের আরও দাবি, হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে স্যান্ডরের পরিচালিত কেন্দ্রের দায়িত্ব অন্য ব্যবস্থাপনায় হস্তান্তর করা হলে সেবার মান ও ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। নতুন কোনো ব্যবস্থা চালু করা হলে বর্তমানের মতো স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আগামী ১৯ নভেম্বর সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

চুক্তির মেয়াদ বাড়ানোর ফলে অন্তর্বর্তী সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মানববন্ধনে বক্তারা জানান, চুক্তির মেয়াদ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে তাঁরা আশাবাদী হলেও রোগীদের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় নতুন কেন্দ্র চালু না হওয়া পর্যন্ত বর্তমান সেবার ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান তাঁরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত