, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 57%

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে নতুন উদ্যোগের আহ্বান রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ, রপ্তানি ও নতুন শিল্পখাতে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা তুলে ধরেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত।

সভায় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনো ইন্দোনেশিয়ার অনুকূলে ভারসাম্য রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পণ্যের আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশের ওষুধশিল্পের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, চট্টগ্রামের বন্দর, শিল্প ও বাণিজ্যিক অবকাঠামো কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্রপথে পণ্য পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজ করা ও বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দেশটি থেকে বাংলাদেশ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্ট শিল্প ও বিদ্যুৎ খাতেও এসব পণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, হালাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কাজে লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ করা সম্ভব। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির উদ্যোগ নিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন চেম্বার সভাপতি। এ ছাড়া বাংলাদেশি ব্যাংকের এলসি সরাসরি গ্রহণ না করায় ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে লেনদেন করতে হচ্ছে উল্লেখ করে এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর প্রস্তাবও দেওয়া হয়।

এ সময় সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন দেশের অনারারি কনসাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সিমেন্ট, ইস্পাত ও বিদ্যুৎ খাতের কাঁচামাল সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশে ইন্দোনেশিয়ার একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত