
সদ্য স্নাতক ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম আয়োজিত ‘ইন্টার্ন জব ফেয়ার ২০২৬’। বুধবার (২২ জুলাই) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় ৬৫টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ১৩টি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, শিক্ষা, উৎপাদন, করপোরেট ও সেবাখাতসহ বিভিন্ন শিল্পের প্রতিষ্ঠানগুলো প্রায় ২ হাজার ৫০০ জন ইন্টার্ন নিয়োগের লক্ষ্য নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশের চাকরির বাজারে সদ্য স্নাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিজ্ঞতার অভাব। বর্তমানে অনেক প্রতিষ্ঠান পেইড ইন্টার্নশিপের সুযোগ তৈরি করছে, যা নতুন গ্র্যাজুয়েটদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। অনেক ক্ষেত্রেই দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ইন্টার্নদের পরবর্তীতে স্থায়ী নিয়োগও দেওয়া হয়।
মেলায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি সিভি জমা দেওয়ার সুযোগ পান। একই সঙ্গে চাকরির বাজারের বর্তমান চাহিদা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কেও ধারণা লাভ করেন।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘টেস্ট ইন্টারভিউ সেশন’। বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মানবসম্পদ (এইচআর) কর্মকর্তারা অংশগ্রহণকারীদের নিয়ে মক ইন্টারভিউ পরিচালনা করেন এবং সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল, সিভি উপস্থাপন, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ চাকরিপ্রত্যাশী এই টেস্ট ইন্টারভিউ সেশনে অংশ নেওয়ার সুযোগ পান।
মেলায় অংশ নেওয়া ইডেন কলেজের শিক্ষার্থী মোবাশ্বিরা জাহান বলেন, চাকরির সাক্ষাৎকার নিয়ে তার মধ্যে দীর্ঘদিনের ভয় ছিল। তবে এইচআর বিশেষজ্ঞদের পরামর্শ ও অনুশীলনের মাধ্যমে তিনি আত্মবিশ্বাস অর্জন করেছেন, যা ভবিষ্যতের চাকরির সাক্ষাৎকারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন।
অন্যদিকে সদ্য স্নাতক ফজলে রাব্বি জানান, এটি তার প্রথম চাকরি মেলায় অংশগ্রহণ। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পর নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী আবেদন করবেন বলে জানান তিনি।
ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একাডেমিক ফলাফলের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা এবং সাক্ষাৎকারে আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের জব ফেয়ার নতুন গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, দক্ষতা মূল্যায়ন এবং কর্মজীবনের প্রস্তুতি নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ইতি/

