, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯০৭

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯০৭ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন তিন মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০ হাজার ৮৩০ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩০৫ জন। এরপর খুলনা বিভাগে ২০২ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, রাজশাহীতে ৭৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের তুলনায় বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ হাজার ৪৪ জন। সে হিসাবে এ বছর একই সময়ে রোগী বেড়েছে ১ হাজার ৭৮৬ জন।

অন্যদিকে, মৃত্যুর হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সংখ্যা কম। ২০২৫ সালের একই সময়ে ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ৮৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত