ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর ‘টুইটার’ নাম বদলে ‘এক্স’ করা হয়েছিল। এবার সেই পুরোনো নামেই নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক স্টার্টআপ অপারেশন ব্লুবার্ড। নতুন প্ল্যাটফর্মটির নাম Twitter.now।
তবে এটি পুরোনো টুইটারের পুনরায় চালু হওয়া নয়। বরং নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম, যার নাম ও ব্র্যান্ডিং নিয়ে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স করপোরেশনের সঙ্গে আইনি বিরোধ চলছে।
অপারেশন ব্লুবার্ডের অন্যতম সহপ্রতিষ্ঠাতা স্টিফেন কোটস। তিনি টুইটারের সাবেক জেনারেল কাউন্সেল ছিলেন এবং প্রতিষ্ঠানটির ট্রেডমার্ক-সংক্রান্ত বিষয়েও কাজ করেছেন। তাঁর নেতৃত্বে স্টার্টআপটি দাবি করছে, ২০২২ সালে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পরিবর্তন করে ‘এক্স’ করার মাধ্যমে ‘Twitter’ ও ‘Tweet’ নামসহ সংশ্লিষ্ট কিছু ট্রেডমার্কের অধিকার পরিত্যক্ত হয়েছে।
এই দাবিকে কেন্দ্র করে ২০২৫ সালের শেষ দিকে আইনি লড়াই শুরু হয়। এক্স করপোরেশন আদালতের কাছে Twitter.now-এর কার্যক্রম ঠেকাতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন করে। অন্যদিকে অপারেশন ব্লুবার্ড তাদের দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক কর্তৃপক্ষের কাছেও পদক্ষেপ নেয়।
২০২৬ সালের এপ্রিলে ডেলাওয়্যারের একটি শুনানিতে মার্কিন জেলা বিচারক কলম কোনোলি মৌখিকভাবে এমন ইঙ্গিত দেন যে ‘Tweet’ শব্দ ও টুইটারের পাখির লোগোর ওপর এক্সের অধিকার নিয়ে প্রশ্ন রয়েছে। ‘Twitter’ নামের ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন উঠতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায়। তবে বিচারক এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত লিখিত আদেশ দেননি। ফলে ট্রেডমার্কের মালিকানা নিয়ে আইনি বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।
এই অবস্থাতেই অপারেশন ব্লুবার্ড Twitter.now চালু করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, নতুন প্ল্যাটফর্মটি এক্স করপোরেশনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তাদের লক্ষ্য পুরোনো টুইটারের হুবহু পুনর্নির্মাণ নয়; বরং ব্যবহারকারীর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও তথ্যের বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিয়ে নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করা।
Twitter.now-এর প্রাথমিক সংস্করণে টুইট প্রকাশ, উত্তর দেওয়া ও পুনরায় শেয়ার করার মতো পরিচিত সামাজিক যোগাযোগের সুবিধা রয়েছে। প্ল্যাটফর্মটি কনটেন্টের বিশ্বাসযোগ্যতা যাচাই ও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে VERA নামের একটি এআইভিত্তিক ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যা পোস্টের তথ্য ও প্রেক্ষাপট বিশ্লেষণে সহায়তা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে Twitter.now পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলকভাবে কম। প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে সীমিত ও অর্থের বিনিময়ে প্রবেশাধিকার দিচ্ছে।
অর্থাৎ, ‘টুইটার ফিরে এসেছে’ বলা হলেও এটি ইলন মাস্কের এক্সের পুরোনো টুইটার নয়। বরং পুরোনো ব্র্যান্ডের নাম ব্যবহার করে নতুন একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে—যার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে চলমান ট্রেডমার্ক মামলার ফলাফলের ওপর।
ইতি/
