বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। গ্রেপ্তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দাবি, ঘটনার রাতে উত্তরার একটি বারে মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর একটি মাঠে যান তাহসিফ। সেখানে পুলিশের উপস্থিতিতে পালানোর সময় দুজন বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাহসিফ কীভাবে তুরাগ নদে পড়ে মারা যান, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
রোববার (১ নভেম্বর) রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে তাহসিফ ও জারিকা তাসনিম দিশার সঙ্গে যান তিনি। সেখানে মদ্যপানের সময় দিশার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক নিয়ে তাহসিফের কথা-কাটাকাটি হয়।
দীপের দাবি, ওই বিরোধের একপর্যায়ে তাহসিফ হেরোইন সেবনের কথা বলেন। রাত ১২টার দিকে বার থেকে বের হয়ে তাহসিফ দিশাকে বাসায় পৌঁছে দেন। এরপর দুজন মোটরসাইকেলে টঙ্গী বাজারের বস্তি-সংলগ্ন একটি মাঠের দিকে রওনা হন।
পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে পড়েন দুজন
দীপের ভাষ্য, মাঠের কাছে মোটরসাইকেল রেখে তাঁরা ভেতরে যান। সেখানে কয়েকজনের কাছ থেকে হেরোইন কিনে সেবন করেন তাহসিফ। এ সময় পুলিশের একটি টহল দল উপস্থিত হলে স্থানীয় লোকজন ছুটে পালাতে শুরু করেন। দীপও নদীর পাড়ের দিকে চলে যান। পরে একটি পিলারের আড়ালে লুকিয়ে থাকেন তিনি।
দীপ জানান, কিছুক্ষণ পর পুলিশ তাঁকে আটক করে পরিচয় জানতে চায়। তখন তিনি নিজেকে তাহসিফের বন্ধু পরিচয় দেন। পরে পুলিশ তাঁকে চলে যেতে বললে তিনি বস্তির ভেতরের রাস্তা দিয়ে চলে যান। এরপর নিজের মোটরসাইকেল নিয়ে তাহসিফকে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করতে পারেননি।
দীপের দাবি, তাহসিফের কাছে তাঁর পাওয়ার ব্যাংক ছিল। তাই ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে ভেবেছিলেন তিনি। পরে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। তাহসিফকে নদীতে পড়ে যেতে দেখেননি বলেও দাবি করেছেন দীপ।
দুর্ঘটনাজনিত মৃত্যুর সম্ভাবনা দেখছে পুলিশ
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তাঁর বক্তব্য যাচাই করা হয়েছে। তাহসিফের মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ডের পরিবর্তে দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পুলিশের উপস্থিতিতে পালানোর সময় তাহসিফ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যেতে পারেন—এমন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন অপেক্ষা করছেন তদন্তকারীরা।
মাঠে যাওয়ার ভিডিও তদন্তকারীদের হাতে
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার রাতে তাহসিফ ও দীপের টঙ্গীর মাঠে যাওয়ার একটি ভিডিও পাওয়া গেছে। এতে তাহসিফকে বস্তির সরু রাস্তা দিয়ে মাঠের দিকে যেতে দেখা যায়। তাঁর পেছনে হেলমেট হাতে দীপও ছিলেন।
এদিকে ময়নাতদন্তের সময় তাহসিফের পাকস্থলী, কিডনি, রক্ত ও ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। এসব পরীক্ষার ফল পাওয়ার পর তাঁর শরীরে মাদক বা অন্য কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না, তা জানা যেতে পারে।
যেভাবে উদ্ধার হয় তাহসিফের মরদেহ
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বন্ধু দীপের ডাকে বের হন ২৮ বছর বয়সী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ওই রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরেননি।
পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদে একটি মরদেহ ভাসার খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ রাজাবাড়ী ঘাট এলাকা থেকে সেটি উদ্ধার করে। পরে পকেটে থাকা আইফোনের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হয়। ২৯ অক্টোবর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রথমদিকে দীপ দাবি করেছিলেন, রাতের খাবার খেয়ে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। পরে টঙ্গীর মাদক স্পটে যাওয়ার কথা জানান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩০ অক্টোবর দিবাগত রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৩১ অক্টোবর আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বারে যাওয়া জারিকা তাসনিম দিশাকেও কাফরুলের বাসা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তদন্তকারীরা বলছেন, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল রেকর্ড এবং দুই আসামির বক্তব্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ইতি/
