দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। শীতের আগমনের মধ্যেও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু রাখা হয়েছে। শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্যও রয়েছে আলাদা চিকিৎসার ব্যবস্থা।
বিশেষজ্ঞদের মতে, নভেম্বর ও ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে, তবে এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই। গত কয়েক বছর ধরে দেশে বছরজুড়েই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে শুধু বর্ষা মৌসুমে নয়, সারা বছর এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
কীটতত্ত্ববিদরা বলছেন, শুধু উড়ন্ত মশা নিধনে ফগিং বা কীটনাশক প্রয়োগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার বছরব্যাপী সমন্বিত কার্যক্রম এবং সাধারণ মানুষের সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
