, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে পাঁচ সিনেমা

নিজস্ব প্রতিবেদক

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এসব সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে বেছে নিয়ে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হবে।

জমা পড়া পাঁচটি চলচ্চিত্র হলো—রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।

অস্কার বাংলাদেশ কমিটির তথ্য অনুযায়ী, জমা পড়া সিনেমাগুলোর মূল্যায়ন ও চূড়ান্ত বাছাইয়ের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন ডা. জহিরুল ইসলাম কচি। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

নির্ধারিত নীতিমালা অনুযায়ী সিনেমাগুলো দেখে সদস্যরা পৃথকভাবে মূল্যায়ন করবেন। এরপর সম্মিলিত আলোচনা ও মূল্যায়নের ভিত্তিতে একটি চলচ্চিত্র নির্বাচন করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

অস্কার বাংলাদেশ কমিটির এই বাছাই প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত