, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৫০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, পাঁচজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরও ১২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন চমেক হাসপাতালে এবং অন্যজন নগরের একটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০৮ জন চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৮ জন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত